ঊরুর চোটে ভুগেছিলেন ব্যাটার লোকেল রাহুল, আরেক তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার ভুগছিলেন পিঠের চোটে। এই দুজন চোটমুক্ত হয়ে ফিরলেন আসন্ন এশিয়া কাপে। এই দুজনকে রেখেই আজ সোমবার ১৭ জনের স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ দিল্লিতে স্কোয়াড ঘোষণা করেন নির্বাচন প্যানেলের চেয়ারম্যান ও সাবেক পেস বোলার অজিত আগারকার। এশিয়া কাপে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন বামহাতি ব্যাটার তিলক ভার্মা।

 

পেস বোলার জসপ্রিত বুমরাহ পিঠে অস্ত্রোপচার করানোয় বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। আয়ারল্যান্ডে চলমান টি২০ সিরিজে খেলছেন বুমরাহ। এবার তাকে ডাকা হলো এশিয়া কাপেও। সেসঙ্গে আরেক পেস বোলার প্রসিদ্ধ কুমারও চোট কাটিয়ে ফিরছেন।

ওয়েস্ট সফরে বিশ্রাম কাটানো পেসার মোহাম্মদ শামি এশিয়া কাপে ফিরেছেন। মোহাম্মদ সিরাজ এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শারদুল ঠাকুর পেস আক্রমণভাগ পূর্ণ করবেন।

 

আগামী ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ৬ দলের এই আসরে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলংকার মাটিতে। ২ সেপ্টেম্বর পাল্লকেলেতে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৪ সেপ্টেম্বর একই মাঠে তাদের প্রতিপক্ষ নেপাল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নেপাল এবং ‘বি’ গ্রুপে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগিানিস্তান খেলবে। দুই গ্রুপ থেকে দুটি করে উঠবে সুপার ফোর পর্বে। সেখান থেকে দুটি উঠবে ফাইনালে।

 

৩১ আগস্ট পাল্লকেলেতে স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

 

এশিয়া কাপে ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কুমার। রিজার্ভ: সানজু স্যামসন।