উইম্বলডন টেনিসে এবার শুরু থেকেই চলছে একের পর এক অঘটন। সর্বশেষ শিকার ষষ্ঠ বাছাই ও বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ। শুক্রবার তাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দেন ১০৪তম বাছাই জার্মানির লরা সিগমুন্ড।

কিজের হারের মধ্য দিয়ে শীর্ষ ছয় বাছাই খেলোয়াড়ের মধ্যে টিকে থাকলেন শুধু নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা। শুক্রবার রাতের ম্যাচে ব্রিটেনের নাম্বার ওয়ান এমা রাদুকানুকে ৭-৬ (৬), ৬-৪ গেমে হারানোর পথে শেষে টানা পাঁচটি গেম জিতে নেন তিনি।

এর আগে দ্বিতীয় বাছাই কোকা গাফ, তৃতীয় বাছাই জেসিকা পেগুলা, চতুর্থ বাছাই জেসমিন পাওলিনি ও পঞ্চম বাছাই ঝেং কিনওয়েন বিদায় নিয়েছেন। ছেলেদের এককেও রয়েছে বিস্ময়কর পতন। প্রথম রাউন্ডে ১৩ জন বাছাই খেলোয়াড়ের বিদায় ঘটেছে, যার মধ্যে আছেন সাবেক নাম্বার ওয়ানডে ও ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাশিয়ার দানিল মেদভেদেভ।

কিজকে হারানো ৩৭ বছর বয়সী সিগমুন্ড চলতি আসরে সবচেয়ে বেশি বয়সী নারী খেলোয়াড়। জয় শেষে তিনি বলেন, ‘টেকনিক্যালি আমার ওপর কোনো চাপ নেই। এটা মনে রাখি, আমি শুধু নিজের জন্যই খেলি। এটা ভাবি না যে আমাকে কিছু প্রমাণ করতে হবে। আমার বয়ফ্রেন্ড আমাকে এটা প্রায়ই বলে।’

সিগমুন্ড আজ এমন এক খেলোয়াড়ের মুখোমুখি হবেন, যাকে নিয়েও কোনো পূর্বাভাস দেয়া কঠিন হবে। ১০১তম র‍্যাংকধারী আর্জেন্টিনার সোলানা সিয়েরার মুখোমুখি হবেন তিনি। কোয়ালিফাইং ম্যাচে হেরে বাদ পড়েন সিয়েরা, পরে আরেকজন নাম প্রত্যাহার করে নিলে তিনি খেলার সুযোগ পান।

গত বৃহস্পতিবার শেষ হওয়া প্রথম রাউন্ডে মোট ৩৬ জন বাছাই খেলোয়াড় বিদায় নেন, যা গ্র্যান্ড স্লামের নতুন রেকর্ড। এর আগে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ ৩৫ জন বাছাই খেলোয়াড় প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন।

অঘটনের মধ্যেই শুক্রবার রাতে ছেলেদের এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ চতুর্থ রাউন্ডে উঠেছেন জার্মান খেলোয়াড় ইয়ান-লেনার্ড স্ট্রাফকে হারিয়ে। এছাড়া পঞ্চম বাছাই যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ, ১৪তম বাছাই আন্দ্রেই রুবলেভ, ১৭তম বাছাই কারেন খাচানভ চতুর্থ রাউন্ডে উঠেছেন।

মেয়েদের এককে চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা তৃতীয়বারের মতো উইম্বলডনের তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন। তাকে হারিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। এছাড়া ১৩তম বাছাই আমান্দা আনিসিমোভা, ২৪তম বাছাই এলিস মের্টেনস ও ৩০তম বাছাই লিন্ডা নস্কোভা পেয়েছেন চতুর্থ রাউন্ডের টিকিট।