উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে। প্রথম পর্বের দেখায় পিএসজির মাঠে ২-০ গোলে হেরেছিল ম্যানসিটি।

গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে আরবি লাইপজিগ ও ক্লাব ব্রুজ। ইতোমধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আরবি লাইপজিগের।

একই সময় পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি খেলবে বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। অ্যাতলেটিকো মাদ্রিদ আতিথেয়তা দেবে এসি মিলানকে। আগেই শেষ ষোলো নিশ্চিত করা লিভারপুলকে মোকাবেলা করবে পোর্তো। মালদোভার ক্লাব শেরিফ আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে বেসিকতাসের মুখোমুখি হবে ডাচ ক্লাব আয়াক্স ও ইন্টার মিলান খেলবে শাখতার দোনেস্কের সাথে।

এ ম্যাচে পিএসজির হয়ে অভিষেক হতে পারে ডিফেন্ডার সার্জিও রামোসের। স্কোয়াডে রাখা হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদের তারকাকে। যদি এ ম্যাচে তিনি নামেন, তাহলে ভক্তদের মেসি-রামোস জুটি দেখার অপেক্ষারও অবসান হবে।

ম্যানসিটির লড়াই গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা। আর পিএসজির লক্ষ্য ম্যানসিটিকে হারিয়ে শীর্ষস্থান দখল করা। গ্রুপ পর্বে দু’দলের এখনো একটি করে ম্যাচ আছে। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দুটি ক্লাব পাঁচবার মুখোমুখি হয়েছিল। যেখানে তিনটিতে জয় পেয়েছিল সিটিজেনরা, একটি জয় প্যারিসিয়ানদের ও একটি ম্যাচ ড্র হয়। সব টুর্নামেন্ট মিলিয়ে ১২ বার এক অপরকে মোকাবেলা করে ইংলিশ ক্লাব ও ফরাসি ক্লাবটি। সাতটিতে জয় ম্যানসিটির, পিএসজি জিতেছে পাঁচটিতে।

তবে এবারের হিসেব একটু ভিন্ন। পিএসজির আক্রমণভাগে মেসি, নেইমার ও এমবাপ্পে ত্রয়ী আছেন। যা বর্তমান ফুটবলের সেরা আক্রমণভাগ। পেপ গার্দিওলার রক্ষণভাগকে কঠিন পরীক্ষা দিতে হবে পিএসজির আক্রমণভাগের কাছে।

এছাড়াও ডি মারিয়া, পারাদেস, ভেরাত্তির মতো তরকারা রয়েছেন মধ্যমাঠে। রক্ষণ সামলাতে রামোস, মারকুইনহোস ও আশরাফ হাকিমির মতো তারকারা আছেন। সব মিলিয়ে পরিপূর্ণ একটি দল মাঠে নামাবে পিএসজি কোচ মাউরিচিও পচেত্তিনো।

কম যান না গত বারের রানার্সআপ গার্দিওলার ম্যানসিটিও। আক্রমণভাগে ফিল ফোডেন, গ্যাব্রিয়েল জেসুস ও বার্নাডো সিলভারা রয়েছেন ফর্মে। ডি ব্রুইনে, গুনদোগান, রিয়াদ মাহরেজ ও রহিম স্টার্লিংরাও আছেন পিএসজির পরীক্ষা নিতে।

‘এ’ গ্রুপে ম্যানসিটি চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচ খেলে দু’টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে পিএসজির অবস্থান দুইয়ে। দুই হার, একটি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ক্লাব ব্রুজ। বিদায় নিশ্চিত হওয়া আরবি লাইপজিগের পয়েন্ট মাত্র ১।