ব্যাটে-বলে অনবদ্য সাকিব আল হাসান। তাতে দুর্দান্ত জয় পেয়েছে তার দল ফরচুন বরিশাল। ঢাকায় দুই দলের প্রথম সাক্ষাতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সামনে পাত্তাই পায়নি বরিশাল। হেরেছিল ৬৩ রানের বড় ব্যবধানে। সেই পরাজয়ের প্রতিশোধ সিলেটে এসে নিলো সাকিবের দল। এবার তারা কুমিল্লাকে হারালো ৩২ রানের ব্যবধানে। এ জয়ে কুমিল্লাকে সরিয়ে শীর্ষস্থানে উঠে বসল ফরচুন বরিশাল।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে সাকিব, মুজিব, ব্রাভোদের তোপে নয় উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয় কুমিল্লা। 

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৩০ বলে ৩০ রান করেন মুমিনুল হক। এছাড়া তানভীর ইসলাম ২১, লিটন দাস ১৯ ও করিম জানাত ১৭ রান করেন। বরিশালের হয়ে নাঈম হাসান তিনটি, সাকিব ও ড্যুয়েন ব্রাভো দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস আগে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশালকে। ওপেনার মুনিম শাহরিয়ারের ২৫ বলে ৪৩, সাকিবের ৩৭ বলে ৫০ ও তৌহিদ হূদয়ের ৩১ রানে ভর করে পাঁচ উইকেটে ১৫৫ রান করে বরিশাল। কুমিল্লার হয়ে দুটি উইকেট শিকার করেন তানভীর ইসলাম

আজ (সোমবার) সন্ধ্যার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে স্বাগতিক সিলেট সানরাইজার্স হেরে গেলেই প্রথম দল হিসেবে প্লে অফ খেলার টিকিট নিশ্চিত হয়ে যাবে বরিশালের। অন্যথায় সাকিবদের অপেক্ষা করতে হবে সিলেটের বিপক্ষেই নিজেদের পরের ম্যাচের জন্য, যা হবে মঙ্গলবার সন্ধ্যায়। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বরিশাল। সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা।