টি২০ বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড। তবে হারের ম্যাচেও আইরিশদের প্রাপ্তি হয়ে থাকবে জস লিটলের হ্যাটট্রিক। আজ নিউজিল্যান্ড ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন তিনি। এটা চলতি বিশ্বকাপে দ্বিতীয় ও সব মিলে টি২০ বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিক। আর আন্তর্জাতিক টি২০তে ৪০তম হ্যাটট্রিক এটি।
১৯তম ওভারে হ্যাটটিক করেন ২৩ বছর বয়সী আইরিশ পেসার লিটল। ১১ বল বাকি থাকতে ৩ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ ছিল নিউজিল্যান্ডের। ওই অবস্থায় যেকোনো দল দলই সংগ্রহটা দুশ ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে, কিউইরাও সেই লক্ষ্যে হাঁটতো। কিন্তু হ্যাটট্রিক করে লিটল তা হতে দিলেন না। ১৯তম ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসন, তৃতীয় বলে জেমস নিশাম ও চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই বামহাতি পেসার।
টি২০ বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়ার ব্রেট লি, শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পন হ্যাটট্রিক করেন।
টি২০ ক্রিকেটে এটা আইরিশদের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে গত বছরের টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কার্টিস ক্যাম্ফার। তিনি চার বলে চার উইকেট নিয়ে করেছিলেন ‘ডাবল হ্যাটট্রিক’।










