আর চারদিন পরই বিশ্বের শীর্ষ ৮ দলের লড়াই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উত্তাপ শুরু হবে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা লড়বে এবারের আসরে। বনেদি এ ক্রিকেট আসরের জন্য এবার রেকর্ড প্রাইজমানি দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ১৮ লাখ টাকা)। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ফাইনালে পরাজিত দলও ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা) নিয়ে বাড়ি ফিরবে। আর সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। নবম আসরের মোট প্রাইজমানি ৬৯ লাখ ডলার (প্রায় ৮৩ কোটি টাকা), যা ২০১৭ সালের সর্বশেষ আসরের চেয়ে ৫৩ শতাংশ বেশি।
প্রতিটি দল যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা রেখেছে আইসিসি। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ টাকা) করে। ষষ্ঠ ও সপ্তম হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা) ও অষ্টম স্থানধারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা)। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা) ফি চূড়ান্ত করা আছে।
অর্থাৎ একটি দল যদি একটিও ম্যাচ না জিতে অষ্টম হয়ে দেশে ফেরে তবু তারা ন্যূনতম ২ লাখ ৬৫ হাজার ডলার বা ৩ কোটি ২০ লাখ টাকা পাবে!
আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ফিরেছে বলেই প্রাইজমানি এতটা বেড়েছে। তাছাড়া ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনো বৈশ্বিক ক্রিকেট আসর বসতে যাচ্ছে। ফলে দেশটিতে এখন উৎসবের আমেজ। খেলা হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। আসরে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের লড়াই দিয়েই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসর। তার পরদিন দুবাইয়ে মুখোমুখি হবে এই গ্রুপের অন্য দুই দল ভারত ও বাংলাদেশ। আরেক গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এবারের আসর থেকে রেকর্ড আয়ের আশা করছে আইসিসি। তাই অংশগ্রহণকারী দলগুলোকেও দু হাত ভরে প্রাইজমানি দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।










