অস্ট্রেলিয়ায় চলমান আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা আজ ‘বাঁচা-মরা’র ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া ১৪৭ রানের টার্গেটটা ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় আইরিশরা। ইউরোপের দলটি টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করল। জিম্বাবুয়ে-স্কটল্যান্ড ম্যাচের বিজয়ী সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের সঙ্গী হবে।

 

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রানের পুঁজি নিয়েও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে আলজারি জোসেফ ও জেসন হোল্ডার সাত উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের জেতান। তবে আজ শেষ রক্ষা হয়নি। ১৪৬ রানের পুঁজি নিয়ে আটকানো যায়নি উজ্জীবিত আইরিশদের, যারা আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান তাড়া করে জিতেছে।

 

হোবার্টে আজ টস জিতে আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ স্বভাবসুলভ সূচনা পায়নি। ১০ রানের মাথায় ওপেনার কাইল মায়ার্সের বিদায় ঘটে। ২৭ রানে ফিরে যান জনসন চার্লসও। এরপর ব্র্যান্ডন কিং ইনিংসটা মেরামতের চেষ্টা করেন। যদিও তার ৪৮ বলে খেলা ৬১ রানের ইনিংসের পরও দলের সংগ্রহটা দেড়শ ছাড়ায়নি। লেগ স্পিনার গ্যারেথ ডিলানি অনবদ্য বোলিং করে ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। আরেক লেগ স্পিনার সিমিং সিং ১১ রানে একটি ও পেসার ব্যারি ম্যাকার্থি ৩৩ রানে একটি উইকেট নেন।

 


এরপর ছিল আইরিশ ব্যাটিং-শো। আগের ম্যাচের তারকা কার্টিস ক্যাম্ফারকে আজ নামার সুযোগই দেয়নি তাদের টপ অর্ডার ব্যাটাররা। অভিজ্ঞ পল স্টার্লিং (৪৮ বলে ৬৬*) ও অধিনায়ক অ্যান্ডি বলবির্নি (২৩ বলে ৩৭) ওপেনিং জুটিতেই ৪৪ বলে ৭৩ রান তুলে ভিতটা গড়ে দেন। বলবির্নি আউট হয়ে গেলে ক্যারিবিয়ানদের আর কোনো সুযোগ দেয়নি আইশিরা। এরপর লরকান টাকারকে (৩৫ বলে ৪৫*) নিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান স্টার্লিং।

 

২০১২ ও ২০১৬ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা গতবার টি২০ বিশ্বকাপে ভালো করেনি। এবারো বিদায় ঘটল প্রথম রাউন্ড থেকে। আজ হার শেষে দলটির অধিনায়ক নিকোলাস পুরান বলেছেন, এটা মেনে নেয়া কঠিন। টুর্নামেন্টে আমরা ভালো ব্যাটিং করিনি, এমনকি আজো। আয়ারল্যান্ড অবিশ্বাস্য ব্যাটিং করেছে, বোলিংও ভালো ছিল। আমরা খুবই হতাশ এবং দেশে থাকা সমর্থকদেরও হতাশ করেছি।

 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৬/৫ (ব্র্যান্ডন কিং ৬২, জনসন চার্লস ২৪, ওডেন স্মিথ ১৯*; ডিলানি ৩/১৬, সিমি সিং ১/১১)। আয়ারল্যান্ড: ১৭.৩ ওভারে ১৫০/১ (পল স্টার্লিং ৬৬*, বলবির্নি ৩৭, লরকান টাকার ৪৫*; আকিল হোসেন ১/৪৮)। ফল: আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: গ্যারেথ ডিলানি (আয়ারল্যান্ড)।