এশিয়া কাপে আজ বৃহস্পতিবার শ্রীলংকা ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে হানা দেয় বৃষ্টি। ২ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে শুরু হওয়া ম্যাচটি কেটে ৪৫ ওভারের করা হয়। একঝাঁক পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামা পাকিস্তান টস জিতে ব্যাট করছে।

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তান দলে পাঁচটি পরিবর্তনের কথা বুধবার রাতেই জানিয়ে দেয়া হয়। ফ্লপ করায় ওপেনার ফখর জামান বাদ পড়েন। যদিও ইমাম উল হক চোটে পড়ায় তিনি আবার একাদশে ফিরেছেন! চলতি আসরে ২০.৩৩ গড়ে মাত্র ৬১ রান করেছেন ফখর জামান। অথচ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে করেছিলেন টানা তিন সেঞ্চুরি।

 

ফখর জামানের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ হারিস। চোটের কারণে খেলা হবে না পেস বোলার নাসিম শাহ ও হারিস রউফের। একই কারণে আগা সালমানেরও। ফর্মের কারণে বাদ পড়েছেন পেসার ফাহিম আশরাফও। তার জায়গায় জায়গায় এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। আর চোটগ্রস্ত দুই পেসারের জায়গা নেবেন মোহাম্মদ ওয়াসিম ও জামান খান। আগা সালমানের জায়গায় টেস্ট ব্যাটার সৌদ শাকিলের খেলার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি ছিটকে যান। তার জায়গায় এসেছেন আব্দুল্লাহ শফিক।

 

শেষ পর্যন্ত আকস্মিকভাবে একাদশে আসা ফখর জামান ও শফিকই ওপেনিং করতে নামেন পাকিস্তানের হয়ে। ফখর জামান ১১ বলে ৪ রান করে প্রমোদ মদুশানের বলে বোল্ড হয়েছেন। ৫ ওভারশেষে পাকিস্তানের সংগ্রহ ১৩/১।  

 

এই ম্যাচের বিজয়ী দল উঠবে ফাইনালে। আজকের ম্যাচটা তাই দুই দলের জন্য নকআউটে রূপ নিয়েছে। ফোরে টানা দুই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ টানা দুই হারে বিদায় নিয়েছে। শুক্রবার বাংলাদেশ ও ভারতের ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার।  

 

কিন্তু লংকা ও পাকিস্তানের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের জন্যই। উভয় দলই একটা করে জয় পেয়েছে। উল্লেখ্য, দুই দলই হারিয়েছে বাংলাদেশকে। আজ যারা জিতবে তারা ফাইনালে, হেরে গেলে বিদায়।

 

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার (৭) শিরোপা জিতেছে শ্রীলংকা। এছাড়া ভারত ৫ বার ও পাকিস্তান ২ বারের চ্যাম্পিয়ন।

 

এদিকে, দ্বিতীয় সন্তানের জন্মের কারণে দেশে ফিরে আসা মুশফিকুর রহিম শুক্রবার ভারত  ম্যাচে থাকছেন না। বুধবার বাংলাদেশ ক্রিকেট সংস্থা বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। দেশে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি কলম্বো ফরে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন।