শারজায় বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নুরুল হাসান সোহানের বীরত্বে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। সেই একই মাঠে গতকাল দ্বিতীয় ম্যাচেও নাটকীয়তার পর ২ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। এ জয়েরও অন্যতম নায়ক সোহান। শেষ মুহূর্তে দলের প্রয়োজনে বোলার থেকে ব্যাটার হয়ে ওঠা শরিফুল ইসলাম দলের জয় নিশ্চিত করেন। ১৪৮ রানের টার্গেটে জয় এসেছে ৫ বল বাকি থাকতে। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০-তে। আগামীকাল শারজায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে নামবে জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
টস হেরে ব্যাটিং পাওয়া আফগানরা ৫ উইকেটে ১৪৭ রান তুলতে সমর্থ হয়। কোনো ফিফটি না পেলেও দলগত প্রচেষ্টায় লড়াইয়ের পুঁজি পায় রশিদ খানের দল। ইব্রাহিম জাদরান ৩৭ বলে ৩৮, রহমানউল্লাহ গুরবাজ ২২ বলে ৩০, মোহাম্মদ নবি ১২ বলে ২০ ও আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ রান করেন। দুই স্পিনার নাসুম আহমেদ ২৫ রানে ২টি ও রিশাদ হোসেন ৪৫ রানে ২টি উইকেট নেন। শরিফুল ১৩ রানে নেন ১টি উইকেট।
এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের জায়গা নেন মো. সাইফউদ্দিন ও শরিফুল। বল হাতে ৪ ওভারে ১৩ রানের খরচায় ১ উইকেট নেয়া শরিফুল ব্যাট হাতেও চমক দেখান। ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন পরাজয়ের শঙ্কায়, তখন সাহসী ব্যাটিংয়ে ৬ বলে ১১ রান তুলে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন এ বামহাতি ব্যাটার। ১৯তম ওভারে নূর আহমাদকে ও ২০তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে দুই বাউন্ডারি মেরে এক হল্কায় সব উৎকণ্ঠা তাড়িয়ে দেশকে জয়ের আনন্দে ভাসান বামহাতি শরিফুল। অন্যপ্রান্তে অপরাজিত থাকা সোহান ২১ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ১ বাউন্ডারি ও ৩ ছক্কার সাহায্যে। ৮ বলে ২১ রানের মূল্যবান জুটি গড়েন এ দুজন।
এর আগে শামীম হোসেন ২২ বলে ৩৩ ও জাকের আলী ২৫ বলে ৩২ রান করেন। ১৪ বলে ১৮ রান করেন সাইফ হাসান। ২৪ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেট জুটিতে ৩৭ বলে ৫৬ রান যোগ করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন জাকের আলী ও শামীম। পরে দলকে জেতান সোহান ও শরিফুল। ওমরজাই ২৩ রানে ৪টি ও রশিদ খান ২৯ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম।
এ জয়ে টি-টোয়েন্টিতে এগিয়ে গেল বাংলাদেশ। ১৫ ম্যাচের মোকাবেলায় বাংলাদেশের জয় ৮টি, আফগানদের ৭টি। এটা দুই দলের চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে বাংলাদেশ ২টি সিরিজ জিতে এগিয়ে গেল। আফগানরা জিতেছে একটি সিরিজ, অন্য একটি সিরিজ ড্র হয়। ২০১৮ সালে ভারতের মাঠে বাংলাদেশকে ৩-০-তে হারায় আফগানিস্তান। এবার বাংলাদেশেরও ৩-০-তে জয়ের সুযোগ এসেছে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৭/৫। বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৫০/৮। ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: শরিফুল ইসলাম (বাংলাদেশ)।










