শিগগিরই যোগ দিতে চলা নতুন ক্লাব চেলসির সমর্থকদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দেয়ার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারত এস্তেভাও উইলিয়ানের জন্য? ফিফা ক্লাব বিশ্বকাপে গতকাল সকালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে চেলসির বিপক্ষে অনেকটা দুরূহ কোণ থেকে গোল করেন পালমেইরাসের ১৮ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও। যদিও শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে চেলসিই। শেষ চারে তাদের সামনে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, যারা শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারায়।

৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এক আত্মঘাতী গোল। চেলসির ফরাসি ডিফেন্ডার মালো গুস্তো শট নিলে পালমেইরাসের ডিফেন্ডার ও গোলকিপারসহ একাধিক খেলোয়াড়ের গা ছুঁয়ে বল জালে জড়িয়ে যায়।

ম্যাচের ১৬তম মিনিটে চেলসি এগিয়ে যায় কোল পালমারের গোলে। ট্রেভোহ চালোবার পাস থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত শটে গোল করেন চেলসির ২৩ বছর বয়সী অ্যাটাকার। ৫৩তম মিনিটে গোলটি পরিশোধ করেন এই গ্রীষ্মেই চেলসিতে নাম লেখাতে যাওয়া ১৮ বছর বয়সী এস্তেভাও। কোনাকুনি শটে গোল করেন ভবিষ্যতের দলের বিপক্ষে। এ গোলে চেলসি সমর্থকরা হতাশ হলেও পরক্ষণেই হয়তো খুশিও হয়েছেন। এ মেধাবী তরুণ তুর্কি শিগগিরই ব্লুজদের জার্সি গায়ে পরছেন। ৫২ মিলিয়ন পাউন্ডে তাকে কিনে চেলসি যে মোটেও ভুল করেনি, সেটি এই গোল আর গোটা ম্যাচে বুঝিয়ে দিয়েছেন এস্তেভাও।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসিই। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে শর্ট কর্নারের বল প্রথমে পালমেইরাস ডিফেন্ডার অগাস্তিন গিয়ার গায়ে লাগার পর গোলকিপার ওয়েভারটনকে ছুঁয়ে আশ্রয় নেয় জালে।

জয় শেষে এস্তেভাওকে নিয়ে চেলসি কোচ এঞ্জো মারেসকা বলেন, ‘আমরা জেতায় খুশি, আবার এস্তেভাও গোল করায়ও খুশি। দারুণ এক রাত। সে খুবই ভালো, অত্যন্ত মেধাবী আর সম্ভাবনাময় খেলোয়াড়। একমাত্র বিষয় হলো আপনি যখন দক্ষিণ আমেরিকা কিংবা পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে আসবেন, তখন আপনাকে নতুন পরিবেশে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে, খুশি থাকতে ও ফুটবল উপভোগ করতে আমরা তাকে সাহায্য করব। আমাদের কোনো সংশয় নেই যে সে চেলসির গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হতে চলেছে।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেঁদেছেন পালমেইরাস কোচ আবেল ফেরেইরা ও এস্তেভাও। ফেরেইরা বলেন, ‘ম্যাচের আগে আমি চেলসি কোচ মারেসকার সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, তোমরা অসাধারণ এক খেলোয়াড়কে নিচ্ছ, পাশাপাশি ব্যক্তি হিসেবেও সে অসাধারণ। শুরুতে সে হয়তো ভুল করবে, তবে তার যত্ন দিলে সে কখনো একাই ম্যাচ জিতিয়ে দেবে।’

নতুন গন্তব্য নিয়ে এস্তেভাও বলেন, ‘পালমেইরাস আমার জন্য দরজা খুলে দিয়েছে। পালমেইরাসে আমি অনেক সুখী ছিলাম, যেটা আমার পরিবারও দেখেছে। আমি একটি গোল করতে পেরে খুশি, যদিও এই ফল আমরা চাইনি।’

চেলসি সেমিফাইনালে ওঠায় এটা নিশ্চিত হলো যে সেমিফাইনালের চার দলের তিনটিই ইউরোপের। শনিবার রাতে ও রোববার সকালে অন্য দুই কোয়ার্টার ফাইনালের চার দলই ইউরোপের। সেখান থেকে ইউরোপের দুটি দলই উঠবে সেমিতে। পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

শুক্রবার রাতের ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে ফ্লুমিনেন্সকে জেতান হারকিউলিস। ৪০তম মিনিটে মার্টিনেলি লিমার গোলে লিড নেয় ফ্লুমিনেন্স। এর ১১ মিনিট পর ম্যাচে সমতা আনেন আল হিলালের মার্কোস লিওনার্দো। শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে বিদায় করার পথে লিওনার্দো করেছিলেন জোড়া গোল। যদিও শেষ আটে তিনি দলকে জেতাতে পারেননি। ৭০তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় হারকিউলিসের গোল।