টি২০ বিশ্বকাপে গত মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সব খেলোয়াড়। 

যদিও কুইন্টন ডি কক এটি করতে অস্বীকৃতি জানান এবং ম্যাচের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর তাকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। কৃতী এ ব্যাটার ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন এবং জানালেন, তিনি মোটেও বর্ণবাদী নন।

দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কাম ব্যাটার ডি কক আজ বলেন, আমি সতীর্থদের কাছে এবং দেশে যারা সমর্থক রয়েছেন তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। আমার হাঁটু গেড়ে বসা যদি অন্যদের শিক্ষা দেয় কিংবা অন্যদের জীবনকে আরো সুন্দর করে তোলে, তবে আমি হাসিমুখেই সেটা করতে রাজি।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড় হাঁটু গেড়ে সংহতি প্রদর্শন করেন। ওই ম্যাচে ডি কক করেছিলেন সাত রান। মঙ্গলবার উইন্ডজ ম্যাচের আগ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক আদেশ জারি করে জানায়, দলের প্রত্যেক খেলোয়াড়কেই হাঁটু গেড়ে আন্দোলনের প্রতি সংহতি প্রদর্শন করতে হবে।

এ নিয়ে ডি কক বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলে আমি কাউকে অসম্মান করিনি, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের। আমার কারণে যত মানুষ মর্মাহত হয়েছেন, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে কিংবা ক্ষুব্ধ হয়েছেন তাদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজন ক্রিকেটার হিসেবে আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু সেটা আমাকে আহত করেনি। ভুল বুঝাবুঝির কারণে আমাকে বর্ণবাদী বলায় আমি ভীষণভাবে মর্মাহত হয়েছি। এটা আমার পরিবার, এমনকি আমার গর্ভবতী স্ত্রীকেও আহত করেছে। আমি বর্ণবাদী নই। আমি অন্তর থেকেই সেটা জানি। আমি জানি, যারা আমাকে চেনেন তারা বিষয়টি জানেন ও বুঝবেন।

৩০ অক্টোবর নিজেদের পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ সামনে রেখে ডি কক জানান, দেশের হয়ে আবারো খেলতে উদগ্রীব তিনি। এ সময় অধিনায়ক তেম্বা বাভুমাকে ‘অসাধারণ  অধিনায়ক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, দল ও অধিনায়ক চাইলে তিনি খেলবেন।