ভুটানের সঙ্গে শ্রীলংকার ম্যাচ ড্র হওয়ায় চলতি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে গতকাল ভুটান ও শ্রীলংকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এতে সপ্তমবারের মতো সাফের সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচটি ড্র করে সেমির আশা বাঁচিয়ে রাখল ভুটান, যারা বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে। ১১ নভেম্বর বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচ। ওই ম্যাচে শ্রীলংকা ১ পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ চারে।
আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলংকা।
৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। এক মিনিট পরই দুর্দান্ত শটে শ্রীলংকাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে নিখুঁত হেডে শ্রীলংকাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওয়াসিম রাজিক। অধিনায়ক চেনচো ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে ভুটানকে সমতায় ফেরান।










