বার্সেলোনার এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) অনবদ্য ত্রিফলা ঘুম হারাম করতেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। বার্সার সেই ত্রিফলা ভেঙে যায়। এখন পিএসজিতে তৈরি হয়েছে নতুন এক ত্রিফলা, সেখানেও রয়েছেন মেসি ও নেইমার। তাদের সঙ্গে রয়েছেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। এমএনএম ত্রিফলা ফ্রান্স তো বটেই, ইউরোপেও ঝড় তুলছেন।

মঙ্গলবার এ ত্রিফলার দাপটে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ইসরায়েলি দল ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে গুঁড়িয়ে দিয়ে টানা ১১ মৌসুম নকআউট পর্বে ওঠার কৃতিত্ব দেখাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ ম্যাচে মেসি ও এমবাপ্পে উভয়ই করেছেন জোড়া গোল। এছাড়া নেইমার, কার্লোস সোলার একটি করে গোল করেন, সপ্তম গোলটি আসে আত্মঘাতী হিসেবে।

৩৫ বছর বয়সী মেসি দুই গোল করে একাধিক রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০ গোল করলেন এই আর্জেন্টাইন খেলোয়াড়। এছাড়া সবচেয়ে জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। মেসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের নবম হ্যাটট্রিকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তার একটি গোল প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হলে হ্যাটট্রিক বঞ্চিত হন তিনি। 

চলতি মৌসুমে পিএসজির ৫০ গোলের ৪০টিই করেছেন মেসি, নেইমার ও এমবাপ্পে। এর মধ্যে এমবাপ্পে ১৬ গোল ও ৪ অ্যাসিস্ট, নেইমার ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট এবং মেসি ১১ গোল ও ১২ অ্যাসিস্ট করেন।

মেসি ও এমবাপ্পের মতোই অনবদ্য ফর্মে আছেন ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। ক্লাব ও দেশের হয়ে এ মৌসুমে ২৬ গোলে অবদান রেখেছেন তিনি।

এমনিতে পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনো সংশয় ছিল না। কিন্তু মঙ্গলবার ঘরের মাঠে মেসি, এমবাপ্পে এবং নেইমারের একচ্ছত্র শাসন দেখার পরে রীতিমতো উৎসবে মেতেছেন পিএসজি সমর্থকরা। যে আনন্দে যোগ দিয়েছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ে। তিনি জানিয়েছেন, বিশ্বসেরা ত্রিফলার ফুটবল দেখার পরে তিনি স্বর্গীয় সুখ উপভোগ করছেন।

মঙ্গলবার প্যারিসে মেসি ১৯ ও ৪৪ মিনিটে ও এমবাপ্পে ৩২ ও ৬৪ মিনিটে গোল করেন। ৩৫ মিনিটে লক্ষ্যভেদ করেন ত্রিফলার অন্যতম সদস্য নেইমার। তাদের আধিপত্যে পিএসজির জয় শেষে কোচ গালতিয়ে বলেছেন, অনেকেই তিন তারকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন আমাকে। সেটা কতটা যথার্থ, তা নিয়ে কিছু বলা সম্ভব নয়। তবে মাঠে এই তিন ফুটবলারের মধ্যে যে বোঝাপড়া দেখলাম, সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোচ হিসেবে মনে হচ্ছে চাঁদের বুকে হাঁটছি।