নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ২২৮ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। কিন্তু টেস্ট চলাকালীনই বাংলাদেশ শিবিরে আসলো দুঃসংবাদ। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংস ও সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হচ্ছে না এই ওপেনার ব্যাটসম্যানের। চোট পাওয়ায় তার হাতে তিনটি সেলাই দেয়া হয়েছে।

বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ের ডান হাতে তিনটি সেলাই লেগেছে। যে কারণে অন্তত ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। ফলে আগামী ৯ জানুয়ারি (রোববার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হবে না ২১ বছর বয়সী এই ব্যাটারের। একই কারণে বুধবার ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসেও জয়কে পাবে না বাংলাদেশ।

চতুর্থ দিনের খেলা শেষে বিসিবির ভিডিওবার্তায় দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, আজকের খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলনের সময় মূলত চোট পেয়েছিলেন জয়। সেটিই তাকে ছিটকে দিলো ম্যাচ থেকে।

তিনি বলেছেন, মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ডানহাতের ইনজুরিতে পড়েছে। হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে তিনটি সেলাই লেগেছে। তাকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এছাড়া প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেয়া হয়েছে।

দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও এ বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, জয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে পারার সম্ভাবনা খুবই কম। কেননা হাতের তিনটি সেলাই দিতে হয়েছে।