ফ্লাইট মিস করে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া শিমরন হেটমায়ারের কথা কি মনে আছে? এই মারমুখী ব্যাটারকে আরেকটি সুযোগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো গায়ানিজ পেস বোলার শামার জোসেফ। শুক্রবার এই দুজনকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করে আসরের স্বাগতিকরা।

 

বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হেটমায়ার টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন গত ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবিয়ানরা। এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন তিনি দলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৭ টি-টোয়েন্টি খেলা হেটমায়ার এখন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। সেখানে সাত ইনিংসে ৮৩ রান করেছেন। তবু তাকে বিশ্বকাপে নিল ওয়েস্ট ইন্ডিজ।

 

এদিকে, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন শামার। অভিষেক ম্যাচেই নেন ৫ উইকেট। পরের ম্যাচে গ্যাবায় চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন অভাবনীয় জয়। সেই পারফরম্যান্সেই তিনি এখন ক্রিকেটের আলোচিত মুখ।

 

চোটের কারণে অনেক দিন বাইরে থাকা শামারকে এবার বিশ্বকাপ দলে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

রভম্যান পাওয়েলের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে ক্যারিবিয়ানরা। তার ডেপুটি হিসেবে থাকবেন পেসার আলজারি জোসেফ। দলে আছেন নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। অবসর ভেঙে সুনিল নারাইনকে ফেরানোর চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত এই স্পিনিং অলরাউন্ডারের সিদ্ধান্ত বদলাতে পারেননি তারা।

 

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলের বেশিরভাগই খেলছেন আইপিএলে। তাদের যত দ্রুত সম্ভব ছেড়ে দেয়ার জন্য বিসিসিআইকে বলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

 

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ক্যারিবিয়ানদের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে তারা।

 

ওয়েস্ট ইন্ডিজ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শাই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শেরফান রাদারফোর্ড।