চলতি বছরের ২১ নভেম্বর শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ২২তম আসরটি অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। এজন্য গত ১৯ জানুয়ারি থেকে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম পর্ব শুরু করেছিল ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ৮ ফেব্রুয়ারি টিকিটের জন্য আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। এ পর্বে কাতার বিশ্বকাপের জন্য ১৭ মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফিফা। তবে সাবসক্রাইব করেছে পাঁচ গুণেরও বেশি। শুধুমাত্র ফাইনালের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১৮ লাখ। ৮০ হাজার আসনের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

কম্পিউটার লটারির মাধ্যমে বিজয়ীদের নাম আগামী ৮ মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফিফা। এর পর শুরু হবে দ্বিতীয় পর্বের টিকিটের জন্য আবেদন।

নভেম্বর-ডিসেম্বরের এই ইভেন্টের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে স্বাগতিক দেশ থেকে। তবে ফিফা বলেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকেও আবেদনের বন্যা বয়ে গেছে। এ বিষয়ে ফিফা জানায়, বিশ্বজুড়ে ভক্তরা এই খেলার প্রতি তাদের উদ্দীপনার প্রমাণ দিয়েছে।

ফাইনালের টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০৪ মার্কিন ডলার থেকে ১ হাজার ৬০৭ মার্কিন ডলারের মধ্যে। ফিফা জানিয়েছে, সবচেয়ে বেশি চাহিদা দামি টিকিটের। এক নম্বর ক্যাটাগরির ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৮ হাজার ৩৪৪ টাকা। ফাইনালের দুই নম্বর ক্যাটাগরির টিকেটের দাম ১ হাজার ৩ ডালার (৮৬ হাজার ৩৪৩ টাকা)। আন্তর্জাতিক দর্শকদের জন্য সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে তিন নম্বর ক্যাটাগরির টিকিট ৬০৪ মার্কিন ডলার (৫১ হাজার ৯৯৭ টাকা)।