ফিফা বিশ্বকাপ ২০২২ টুর্নামেন্ট শুরু হবে ২০ নভেম্বর। অপেক্ষার প্রহর গুনছেন ভক্ত-সমর্থকরা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা আসন্ন এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যগুলোকে মাঠের বাইরের ইস্যু বাদ দিয়ে শুধুই ফুটবলে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের আয়োজক দেশ কাতার সমকামী সম্পর্ক নিষিদ্ধ করার বিষয়টি ছাড়াও মানবাধিকার প্রসঙ্গ ও অভিবাসী কর্মীদের প্রতি বিরূপ আচরণের জন্য সমালোচিত। তবে ফিফা এ আসরে অংশগ্রহণকারী প্রতিযোগী ৩২টি দলকেই চিঠি লিখে জানিয়েছে, ফুটবলের সঙ্গে মতাদর্শগত বা রাজনৈতিক সংঘাত টেনে আনা উচিত নয়।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব ফাতমা সামোরার স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা রয়েছে, আমরা জানি ফুটবল জীবন থেকে বিচ্যুত করার বিষয় নয়। আমরা এ বিষয়েও সচেতন যে বিশ্বব্যাপী রাজনৈতিক গঠন-প্রকৃতির নানাবিধ চ্যালেঞ্জ ও অসুবিধা আছে। তবে অনুগ্রহ করে ফুটবলকে আদর্শিক বা রাজনৈতিক যুদ্ধের মধ্যে জড়াবেন না।










