হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে বিশ্বের দ্রুততম মানবীর মুকুট পেলেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। তারকাখচিত এই রেসে তিনি ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন।

 

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত এই রেসে জ্যামাইকার শেরিকা জ্যাকসন রৌপ্য ও একই দেশের অলিম্পিক সুপারস্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ব্রোঞ্জ পদক জিতেছেন। ২০০ মিটারের বর্তমান চ্যাম্পিয়ন শেরিকা ১০.৭২ সেকেন্ড ও অলিম্পিক গ্রেট ফ্রেজার-প্রাইস ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে পদকমঞ্চে ওঠেন।

 

২৩ বছর বয়সী শা’কারি রিচার্ডসনের এটা প্রথম বৈশ্বিক মুকুট। নিষেধাজ্ঞার কারণে টোকিও অলিম্পিকে খেলতে পারেননি। আর গত বছর ইউজেনিতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেননি। সেই স্প্রিন্টারই এবার দাপটে ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। তাইতো জয় শেষে তার উদযাপনে মিশে ছিল বুনো উল্লাস। যুক্তরাষ্ট্রের পতাকা গায়ে জড়িয়ে তিনি বাধনহারা আনন্দে মেতে ওঠেন।


 

জয়ের পর ফ্রেজার-প্রাইস, শেরিকা ও ব্রিটেনের ডিনা অ্যাশার-স্মিথের মতো তারকা অভিনন্দন জানান তাকে। এ নিয়ে শা’কারি বলেন, ‘সব বড় বড় খেলোয়াড়দের সঙ্গে লড়েছি বলেই আজ আমার সর্বোচ্চটা বেরিয়ে এসেছে। আমি তো জীবন্ত কিংবদন্তির পাশে। অবিশ্বাস্য অনুভুতি।’

 

অন্ধকার পেরিয়ে আলোয় প্রত্যাবর্তন নিয়ে এই স্প্রিন্টার বলেন, ‘আমি কখনই হাল ছাড়িনি। কখনো মিডিয়া, বাইরের মানুষজনকে সুযোগ দেইনি। আপনি কে, সেটি নির্ধারণ করার ক্ষমতা কেবল আপনারই। আমি নিজেকে বলেছি, সব সময় লড়াই করে যাব। যাই হোক না কেন, লড়াই হবে।’

 

আত্মবিশ্বাস ছিল বলেই আজ তিনি ফিরলেন বীরাঙ্গনার বেশে। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন  ও দশবারের বিশ্বচ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস এবং শেরিকার  মতো গ্রেটদের পেছনে ফেলে তিনিই হলেন বিশ্বের নতুন দ্রুততম মানবী।

 

এদিকে, টানা তৃতীয়বারের মতো ছেলেদের ১১০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হলোওয়ে। তিনি সময় নেন ১২.৯৬ সেকেন্ড। ছেলেদের চাকতি নিক্ষেপে স্বর্ণ জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন সুইডেনের ড্যানিয়েল স্টাল। ছেলেদের ট্রিপল জাম্পে স্বর্ণ জিতেছেন বুরকিনা ফাসোর হিউজেস ফ্যাব্রিস জাঙ্গো। ৪৭.০৯ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন নরওয়ের কারস্টেন ওয়ারহোম।