চলতি গ্রীষ্মকালীন দলবদল
শেষ হতে এখনো এক সপ্তাহের মতো বাকি। কিন্তু এরই মধ্যে খরচের নতুন রেকর্ড গড়ে ফেলেছে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। আজ শুক্রবার পর্যন্ত চলতি গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ
প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচ ১৯৫ কোটি পাউন্ড (প্রায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা)।
ডেলোয়েট-এর বিশ্লেষণ বলছে,
গত বছর গ্রীষ্মকালীন দলবদলে ১৯২ কোটি পাউন্ড খরচ করে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগের
ক্লাবগুলো। এবার সেই রেকর্ড ভেঙে এখন দুই বিলিয়নের গন্ডি পার হতে চলল।
ডেলোয়েটের সহকারী পরিচালক
ক্যালাম রস বলেন, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর খরচের এই চাঞ্চল্যকর ফিগার লিগটির নতুন
মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছে। টানা দুই মৌসুমেই আগের খরচের রেকর্ড ভেঙে দিচ্ছে প্রিমিয়ার
লিগের ক্লাবগুলো এবং ১ সেপ্টেম্বর দলবদল উইন্ডো শেষ হওয়ার আগেই এটি প্রথমবারের মতো
দুই বিলিয়ন ছাড়াতে চলেছে।’
প্রিমিয়ার লিগের কোনো
ক্লাবই গতবার ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে কোনো খেলোয়াড় কিনেনি। কিন্তু এবার ব্রাইটন থেকে
মিডফিল্ডার ময়েজেস কাইসেদোকে ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছে চেলসি, যা শেষ পর্যন্ত
ব্রিটিশ রেকর্ড ১১৫ মিলিয়ন পাউন্ডে পৌঁছতে পারে। আবার ওয়েস্ট হ্যাম থেকে ইংলিশ মিডফিল্ডার
ডিক্লান রাইসকে ১০০ মিলিয়ন (অ্যাডস অন) দিয়ে কিনেছে আর্সেনাল।
লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ৭৭
মিলিয়ন পাউন্ড দিয়ে ক্রোয়াট ডিফেন্ডার ইয়াস্কো গার্দিওলকে ও ৫৫.৪ মিলিয়ন পাউন্ড দিয়ে
উইঙ্গার জেরেমি ডকুকে কিনেছে। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউ ৭২ মিলিয়ন পাউন্ডে
স্ট্রাইকার রাসমুস হল্যান্ডকে ও ইতালির স্ট্রাইকার স্যান্দ্রো টোনালিকে কিনেছে ৫৫ মিলিয়ন
পাউন্ডে।










