মাত্র ২০ ওভারে ৩৪৪ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। আজ বুধবার নাইরোবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব-রিজিওন বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান তোলার অবিশ্বাস্য এক কীর্তি গড়ে তারা। এর মধ্য দিয়ে দেশটি টপকে গেছে নেপালের ৩১৪ রানের রেকর্ড। গত বছর চীনের গুয়াঝুতে এশিয়ান গেমসের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছিল নেপাল।

আজ জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ৪৩ বলে ১৩৩ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছক্কাই মেরেছেন ১৫টি! জিম্বাবুয়ের ইতিহাসে তিনিই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। এছাড়া মারুমানি ১৯ বলে ৬২, ব্রায়ান বেনেট ২৬ বলে ৫০ ও ক্লাইভ মাদেন্দে ১৭ বলে ৫৩ রান করেন।

মুসা জোবারতে ৪ ওভারে ৯৩ রান দিয়েছেন। এটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান খরচের বিশ্বরেকর্ড।