অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া। প্রায় দুই বছরেরও বেশি সময় পর টেস্ট দলে জায়গা হয়েছে ব্যাটার উসমান খাজার। সবশেষ অ্যাশেজে সিরিজেই দেখে গিয়েছিল খাজাকে।

মূলত এই মৌসুমে শেফিল্ডে তার দুর্দান্ত ফর্মই নির্বাচকদের নজর কেড়েছে। তবে একাদশে জায়গা পেতে মিডল অর্ডারে ট্রাভিস হেডের সঙ্গে তাকে লড়াই করতে হবে। দলে অভিষেক না হওয়া লেগ স্পিনার মিচেল সোয়েপসনকেও রেখেছেন নির্বাচকরা। তাকে নেয়া হয়েছে নাথান লায়নের বিকল্প হিসেবে। ডেভিড ওয়ার্নারের ওপেনিং পার্টনার হিসেবে সুযোগ হয়েছে মার্কাস হ্যারিসেরও। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠা মাইকেল নেসারের সঙ্গে রয়েছেন পেসার জাই রিচার্ডসন। তাদের সঙ্গে রয়েছেন পেস আক্রমণত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। 

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট।  ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (ভাইস ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।