আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে নেয়া হয়।

এর আগে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এবার শান্তর ডেপুটি হিসেবে মিরাজের নামও জানিয়ে দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। বিপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মিরাজ। শান্ত ইনজুরিতে থাকায় মিরাজ পান নেতৃত্ব।

২৭ বছর বয়সী মিরাজ বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়া ২৯টি টি-টোয়েন্টি ও ৫১টি টেস্ট খেলেছেন টাইগারদের জার্সিতে।

এদিকে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ শেষে তারা দুজন দেশে ফিরবেন।

১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ আসর। ৮ দলের আসরে চারটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।