বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ব্যাটিং অলরাউন্ডার ইফতিখার আহমেদকে দলভুক্ত করেছে পাকিস্তান। চলতি বিশ্বকাপে পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াড থেকে শুধু মোহাম্মদ হাফিজই বাংলাদেশে আসছেন না। তিনি তরুণদের সুযোগ করে দিতে নিজে থেকে বোর্ডকে অনুরোধ করেছেন তাকে যেন দলে না রাখা হয়।
ঢাকায় সিরিজটি শুরু হবে ১৯ নভেম্বর।
চলতি বছর টি২০তে দুর্দান্ত পারফর্ম করেছেন ইফতিখার; ৫৪.৫০ গড়ে করেছেন ৬৫৪ রান, স্ট্রাইক রেট ১৪৫.৯৮।
ইফতিখার ছাড়াও মিডল অর্ডারে রয়েছেন হায়দার আলী ও খুশদিল শাহ। এমন হতে পারে, বিশ্বকাপে যারা সুযোগ পাননি বা বেঞ্চে বসে কাটিয়েছেন, তারা বাংলাদেশ সফরে খেলার সুযোগ পাবেন।
শোয়েব মালিকের পর বর্তমানে পাকিস্তান দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হাফিজ। তবে এটা পরিষ্কার নয় যে তিনি অবসর নিয়েছেন কিনা। মূলত গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ শেষে তার অবসর নেয়ার কথা ছিল; কিন্তু কভিড-১৯ মহামারীর কারণে অস্ট্রেলিয়ায় আসরটি অনুষ্ঠিত হয়নি। এতে আগের সিদ্ধান্ত থেকেও তিনি সরে আসেন। সম্প্রতি অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে বিশ্বকাপ শেষে সিদ্ধান্ত নেবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা চান, শোয়েব মালিক ও হাফিজের মতো হাইপ্রোফাইল খেলোয়াড় যেন সম্মানের সঙ্গে বিদায় নেন।
বিশ্বকাপের অল্প আগে সাবেক হেড কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করার পর দলটিকে পুনর্গঠন করতে চায় পিসিবি। অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। বিশ্বকাপের পরই ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনের চুক্তি শেষ হয়ে যাবে। বোলিং কোচ ভারনন ফিল্যান্ডার বাংলাদেশ সফরে তিনটি টি২০ ও প্রথম টেস্টের জন্য পাকিস্তান দলের সঙ্গে থাকছেন।
আরব আমিরাত থেকে সরাসরি ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। ঢাকায় পৌঁছেই তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন। টি২০ সিরিজের পর চট্টগ্রাম (২৬-৩০ নভেম্বর) ও ঢাকায় (৪-৮ ডিসেম্বর) দুটি টেস্ট খেলবে দুই দল। টেস্ট সিরিজের স্কোয়াড পরে ঘোষণা করবে পিসিবি।
পাকিস্তান টি২০ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।










