শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে লিওনেল মেসির পাস থেকে কিলিয়ান
এমবাপ্পে করলেন দারুণ একটি গোল। পুরো ম্যাচের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। এ গোলেই
শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে রেনেকে ১-০ গোলে হারায় প্যারিস সেন্ট জার্মেই।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পুরো ম্যাচে আক্রমণের পসরা
সাজিয়েও রেনের রক্ষণভাগ ভাঙতে পারছিল না মাউরিচিও পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচের
শুরুতেই দুই দফা আক্রমণ করে বসে রেনে। সপ্তম মিনিটে পিএসজির রক্ষণভাগে ভয় ধরায়
রেনের ফরোয়ার্ড লাইন। তবে কেইলর নাভাসের দৃঢতায় রক্ষা পায় স্বাগতিকরা।
৩৫ মিনিটে ম্যাচে প্রথমবার ভালো সুযোগ পায় পিএসজি। তবে তা
কাজে লাগেনি। বক্সের কোণা থেকে রেনের তিন-চারজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এমবাপ্পের
বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৪০ মিনিটে এমবাপ্পের প্রচেষ্টা সাইড
বারে লেগে ফিরে এলে ফিরতি বলে গোলের উদ্দেশ্যে শট নেন জাভি সিমন্স, কিন্তু তা কোনো মতে
রক্ষা করেন গোলরক্ষক আলেমাদার। বল চলে যায় টাচলাইনের দিকে, সেখানে বলে
নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের পায়ে আঘাত করে বসেন এমবাপ্পে, হলুদ কার্ড দেখান
রেফারি। প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে পিএসজি।
৬৩ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ড্রাক্সলারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে
এমবাপ্পের শট জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে, কিন্তু অফসাইডে তা
বাতিল হয়। নির্দিষ্ট ৯০ মিনিট সময় শেষেও কোনো ফলাফল আসেনি। তখন যোগ করা তিন মিনিট
চলছে। দারুণ এক কাউন্টার আক্রমণে উঠে পিএসজি। মাউরো ইকার্দি বল বাড়িয়ে দেন মেসির
উদ্দেশ্যে, বল নিয়ন্ত্রণে নিয়ে
খানিকটা এগিয়ে গিয়ে এমবাপ্পের দিকে ঠেলে দেন তিনি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে
দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা।
এই জয়ে ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত
করলো প্যারিসিয়ানরা। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে রেনে। এই জয়ে
টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকল পিএসজি। সেই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের
সঙ্গে পিএসজির পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ১৬-তে।










