চোটের কারণে দলে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অবসর নেয়ায় নেই আলবিসেলেস্তেদের আরেক স্তম্ভ আনহেল ডি মারিয়াও। এই দুই কিংবদন্তীর অনুপস্থিতি সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো আর্জেন্টিনা। লক্ষ্যভেদ করেছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠ স্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে চিলিকে আতিথ্য জানায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বলের দখল রেখে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ফাইনাল থার্ডের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি। অন্যদিকে, গোলের পরিষ্কার সুযোগও সৃষ্টি করতে পারেনি চিলি। অনেকটা কোণঠাসা থাকলেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের সেরা সুযোগটি পায় চিলি। কিন্তু মাওরিসিও ইসলার ক্রসে মাতিয়াস কাতালানের হেড এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিলেও তা প্রতিহত হয় পোস্টে। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে রাইট উইং থেকে বক্সের ডান প্রান্তে বল বাড়ান রদ্রিগো ডি পল। চলন্ত বলের দিক পরিবর্তন করে বক্সে ক্রস করেন আলভারেজ। লাউতারো মার্টিনেজের ডামিতে বিভ্রান্ত হয়ে পড়ে চিলির রক্ষণভাগ। পেছন থেকে এগিয়ে আসা লিভারপুল তারকা ম্যাকঅ্যালিস্টার প্লেসিং শটে বল জালে জড়ান।

গোল পাওয়ার পর আক্রমণের তীব্রতা আরো বেড়ে যায় আর্জেন্টিনার। তবে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াসকে দর্শক বানিয়ে স্কোরলাইন ২-০ করেন ম্যান সিটি থেকে সদ্য অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখানো আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে  দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা রাইট উইঙ্গার পাওলো দিবালা। মেসির অনুপস্থিতিতে এদিন ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন এএস রোমার এই তারকা।

৭ ম্যাচে ৬টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবলের টেবিলে শীর্ষস্থান আরো শক্ত করলো স্কালোনির দল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে ব্রাজিল।