টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাদশ বিপিএল ফাইনালে চট্টগ্রাম কিংসকে ৩ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর গড়ে চট্টগ্রাম। পারভেজ হোসেন ইমন ৪৯ বলে ৭৮, খাজা নাফি ৪৪ বলে ৬৬ ও গ্রাহাম ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন। যদিও দুশর কাছাকাছি স্কোর নিয়েও প্রথম শিরোপার স্বাদ পাওয়া হলো না কিংসদের। ব্যাটিং শক্তিধর বরিশাল ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে এ রান সফলভাবে তাড়া করে।
তামিম, কাইল মায়ার্স ও শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাটে ভর করে জিতেছে বরিশাল। তামিম ২৯ বলে ৫৪ রান করে বিদায় নেয়ার পর মায়ার্স ২৮ বলে ৪৬ রান করে দলের শিরোপা জয়ে মূল্যবান অবদান রাখেন।
শেষ দিকে উত্তেজনাও ছিল। ৭ উইকেট হাতে রেখে ১৬ বলে ২৩ রান লাগে, এই সময় মায়ার্সকে আউট করেন শরিফুল। এক বল বিরতি দিয়ে শরিফুলের আরেক আঘাত। এবার মাহমুদউল্লাহকে ফেরান ৭ রানে। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে শরিফুল কি ম্যাচের নায়ক হবেন? কিন্তু পারেননি। বরিশালের প্রয়োজন পড়ে ১২ বলে ২০ রান। জড়তা কাটানোর পর বিনুরাকে ছক্কা মারেন রিশাদ, সমীকরণ নামে ৮ বলে ১১। বিনুরার বলে মোহাম্মদ নবী আউট হয়ে গেলেও তাদের সামনে ছিল ৬ বলে ৮ রানের সহজ সমীকরণ। রিশাদের ছক্কায় আশা শেষ কিংসের। এরপর ২ বলে আসে জয়। ৬ বলে ১৮ রান করেন রিশাদ।
দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলো বরিশাল। রাউন্ড রবিন লিগে শীর্ষ দলটি প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারায় ৯ উইকেটে। এবার ফাইনালেও শেষ হাসি তামিম, মুশফিকদের।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস চারবার, ঢাকা তিনবার, বরিশাল দুবার এবং রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।










