রাওয়ালপিন্ডি
টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেট তুলে নিয়েছেন
বাংলাদেশের বোলাররা। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১২১ রান।
তাদের লিড মাত্র ৪ রানের।
সিরিজের প্রথম
টেস্টে ১১৭ রানের লিড পাওয়া বাংলাদেশ আজ রোববার পঞ্চম ও শেষ দিন স্বাগতিকদের ষষ্ঠ উইকেটের
পতন ঘটিয়ে জয়ের আশা জাগায়। স্বাগতিকরা ৩৬ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তুলে মধ্যাহ্ন ভোজের
বিরতিতে যায়। ফেরার আর সাকিব ও মিরাজ আরো দুটি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের খাদের কিনারে
নিয়ে যান।
পাকিস্তান
৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৫৬৫ রানের
সৌধ গড়ে, যা নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ
দলীয় সংগ্রহ। মুশফিকুর রহিম করেন ১৯১ রান। এছাড়া ফিফটি করেন সাদমান ইসলাম, মুমিনুল
হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
শনিবার চতুর্থ
দিন বিকালে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে ফেরান শরিফুল ইসলাম। আজ সকালে শান মাসুদকে
উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফরান হাসান মাহমুদ। এরপর বাবর আজমকে বোল্ড করেন
তরুণ পেসার নাহিদ রানা। চতুর্থ উইকেটের পতন ঘরে সাকিব আল হাসানের ঘূর্ণিতে। তার বলে
স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌদ শাকিল।
মোহাম্মদ রিজওয়ান
এসে মারমুখী ব্যাটিং করতে থাকলে পঞ্চম উইকেটে ভর করে পাকিস্তানের রান একশ পেরিয়ে যায়।
তখনই আবার সাকিবের আঘাত। আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে
ক্যাচ নেন সাদমান ইসলাম। পরের ওভারে মেহেদী হাসান মিরাজ এসে আউট করেন নতুন ব্যাটার
আগা সালমানকে। স্লিপে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন সাদমান।
২৬ ওভারের
প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে পাকিস্তান। দ্বিতীয় সেশনে এরই মধ্যে হারিয়েছে
দুটি উইকেট। এতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের কাছাকাছি পৌঁছে গেছে
বাংলাদেশ।










