ইংল্যান্ডের কাছে সদ্যই ১-২ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়তে চলেছেন মার্ক বাউচার। আসন্ন টি২০ বিশ্বকাপ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এ খবর নিশ্চিত করে বলেছে, চুক্তি শেষ হলে তা আর নবায়ন করবেন না ৪৫ বছর বয়সী বাউচার।

 

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব নেন বাউচার। তার সময় প্রোটিয়ারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুইয়ে উঠে যায়। যদিও সদ্যই ওভাল টেস্টে ৯ উইকেটে পরাজিত হওয়ার মধ্য দিয়ে ১-২ ব্যবধানে প্রোটিয়ারা সিরিজ খোয়ালে এর দায় নিজের কাঁধে নেন বাউচার।

 

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ১৬ অক্টোবর শুরু হবে টি২০ বিশ্বকাপ, শেষ হবে ১৩ নভেম্বর পর্যন্ত। এই আসরে প্রোটিয়াদের মিশন শেষ হলেই তাদের সঙ্গে সম্পর্কেরও সমাপ্তি ঘটবে বাউচারের।

 

সিএসএর ক্রিকেট পরিচালক এনোক এনকুই বলেন, মার্ক (বাউচার) একজন প্রোটিয়া কিংবদন্তি এবং তিনি মাঠে ও গত তিন বছর ধরে মাঠের বাইরে থেকে আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন, যার প্রশংসা করতেই হবে। তিন ফরম্যাটেই তিনি দারুণ একটি প্লাটফর্ম তৈরি করেছেন, যার ফলাফল আমরা আসন্ন টি২০ বিশ্বকাপে পাব বলে আশাকরি। তিনি স্কোয়াডটিকে স্থিতিশীল করেছেন, দলের মধ্যে এখন আত্মবিশ্বাস অনেক।

 

দক্ষিণ আফ্রিকার কৃতী উইকেটকিপার ও ব্যাটার বাউচার ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের হয়ে ১৪৭টি টেস্ট খেলেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপে যাওয়ার আগে ভারতের মাটিতে তিনটি টি২০ ও তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা।