নিউজিল্যান্ডের কাছে হেরেই চলেছে পাকিস্তান। আজ বুধবার নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে কিউইদের কাছে ৬০ রানে হেরে যায় স্বাগতিকরা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়।

টম জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং দিয়ে বড় ভুলটা করেছে পাকিস্তান। উইল ইয়াং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড, যারা এর আগে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানকে তাদের মাঠে দু দুবার হারায়। ইয়াং ১১৩ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৭ ও ল্যাথাম ১০৪ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। এছাড়া অলরাউন্ডার গ্লেন ফিলিপস খেলেন ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। পাকিস্তানের পেস বোলারদের কচুকাটা করেন কিউই ব্যাটাররা। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা প্রত্যেকেই ষাটের বেশি রান দিয়েছেন।

বিশাল রান তাড়া করতে নেমে ২২ রানের মধ্যে ওপেনার সৌদ শাকিল ও তিনে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। একটি সময় আস্কিং রেট বেড়ে ১০ পেরিয়ে গেলে কাজটা কঠিন হয়ে পড়ে। বিপিএলে আলো ছড়ানো খুশদিল শাহ ৪৯ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেও তাই দলের হার এড়াতে পারেননি। এর আগে বাবর খেলেন ৯০ বলে ৬৪ রানের ইনিংস। পেসার উইল ও’রুর্ক ও স্পিনার মিচেল স্যান্টনার উভয়ই নেন ৩টি করে উইকেট।

পাকিস্তান ২০২৫ সালে মোট চারটি ওয়ানডে খেলে তিনটিতে হেরেছে এবং এর মধ্যে তিনটিই নিউজিল্যান্ডের কাছে! চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রাউন্ড রবিন লিগে ৭৮ রানে ও ফাইনালে ৫ উইকেটে হেরে যায় রিজওয়ানের দল। এবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেও হারল স্বাগতিকরা।

এই ক্ষত নিয়েই রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ওই ম্যাচে জিততেই হবে তাদের, হারলে বিদায়।

এদিকে, ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে বৃহস্পতিবার দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।