বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তিনি ইমেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, নতুন বোর্ড সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবির গণমাধ্যম বিভাগ এই তথ্য জানিয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বিসিবির বর্তমান বোর্ডের ৮ পরিচালক উপস্থিত ছিলেন। সে সঙ্গে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুজন প্রতিনিধি। তাদের সবার সম্মতিতে পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর বিসিবি সভাপতির আসনে বসেন পাপন। ২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৩ সালে পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।

আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।

এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। শূন্য পদটিতে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে।