বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি ভারত সফরকালে জানিয়েছিলেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলবেন তিনি। নিরাপত্তাজনিত ইস্যু থাকায় তার দেশে ফেরার বিষয়টি ছিল অনিশ্চিত। এরপরও তিনি আসতে মরিয়া ছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে আজ রাতে ঢাকায় ফেরার কথা ছিল ৩৭ বছর বয়সী ক্রিকেটারের। যদিও তিনি আসছেন না এবং দুবাই থেকেই ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ঢাকা থেকেই নাকি তাকে দেশে না ফেরার বার্তা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুবাই থেকে বাংলাদেশের একাধিক শীর্ষ সংবাদমাধ্যমকে সাকিব না ফেরার কথা জানিয়েছেন। হয়তো কানপুরেই খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট।
সাকিব বলেন, ‘দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই।’
২১ অক্টোবর মিরপুর টেস্ট শুরু হবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে। তবে ফেরা হলো না সাকিবের।
দেশে রাজনৈতিক পরপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিকরা প্রকাশ্যে আসছেন না। তারা প্রত্যেকেই কোনো না কোনো মামলায় আসামী। সাকিবও সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় একটি হত্যা মামলায় তাকে আসামী করা হয়েছে। ফলে গ্রেফতারের শঙ্কায় তিনি দেশে আসছেন না। সম্প্রতি পাকিস্তান ও ভারতের মাঠে সিরিজ খেলেছেন। মামলার পর এই প্রথম দেশে ফিরতে চেয়েছিলেন। যদিও নিরাপত্তাজনিত কারণে তিনি আসতে পারছেন না বলে জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি বলছিলেন, সাকিবের দেশে ফেরা ও পরবর্তীতে দেশ ছেড়ে যাওয়ায় কোনো বাধা তিনি দেখেন না। দেশের ক্রিকেটের সেরা তারকাকে মাঠের নিরাপত্তা দেয়ার নিশ্চয়তাও তিনি দিয়েছিলেন। এরপর গতকাল বুধবার মিরপুর টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াডে তাকে রাখেন নির্বাচকরা। যদিও তিনি সিদ্ধান্ত পাল্টেছেন শেষ মুহূর্তে।
সাকিব যেন মিরপুর টেস্ট খেলতে না পারেন সেজন্য আন্দোলন করে আসছেন একটি গ্রুপ। মিরপুরে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে বুধবার। তার দেশে ফেরা ঠেকাতে ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। একটি পক্ষ বৃহস্পতিবার বিসিবিতে স্মারকলিপি দেয়ার উদ্যোগও নিয়েছেন। হয়তো এসব ঘটনার কারণেই তিনি মন পাল্টেছেন।
৭১ টেস্ট খেলে সাকিব উইকেট নিয়েছেন ২৪৬টি, রান করেছেন ৪,৬০৯। এছাড়া ২৪৭ ওয়ানডে ৭,৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯টি টি-টোয়েন্টিতে ২,৫১৫ রান ও ১৪৯ উইকেট নিয়েছেন সাকিব।
আসন্ন বিপিএলে তিনি চিটাগং কিংসের হয়ে খেলবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও বিপিএল খেলাও তার ঝুলে গেল।










