পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদোভস্কি ক্লাব বদলালেও ফর্ম বদলাননি! যেখানেই যান সেখানেই গোলবন্যা। বায়ার্ন মিউনিখ থেকে এ মৌসুমে নতুন মিশনে এসেছেন বার্সেলোনায়। সেখানেও গোলবন্যা বইয়ে চলেছেন। কাতালানদের জার্সিতে গড়লেন নতুন এক মাইলফলক। ২০০০ সালের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ৬০০ ক্যারিয়ার গোল টপকে গেলেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। বৃহস্পতিবার ভিলারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে দুই গোল করেন তিনি। ফলে তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৬০১। এর মধ্য দিয়ে লেভা প্রমাণ করলেন, তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।
ম্যাচের ৩১ মিনিটে জর্ডি আলবার ক্রস থেকে বল পেয়ে ভিলারিয়াল গোলকিপার জেরোনিমা রুলিকে পরাস্ত করে ক্যারিয়ারের ৬০০তম গোল করেন লেভানদোভস্কি। এর ৪ মিনিট পর গাভির পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল পেয়ে যান পোলিশ সুপারস্টার। এটি তার ৬০১তম গোল। ম্যাচের ৩৮ মিনিটে আনসু ফাতি করেন বার্সার তৃতীয় গোল। প্রথমার্ধেই তিন গোল পেয়ে যাওয়ায় জয় নিয়ে আর ভাবতে হয়নি বার্সাকে।
বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় আসার পর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে ১৬ গোল হয়ে গেল লেভানদোভস্কির। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৬০০ গোলের মাইলফলকে পৌঁছলেন তিনি, যা কিনা ২০০০ সালের পর ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় নজির।
জার্মানির ক্লাব ফুটবলের জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে ৩৭৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৪৪ গোল করেন লেভানদোভস্কি। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ১৮৬ ম্যাচে ১০৩ গোল, পোলিশ ক্লাব জেনিক প্রুস্কোর হয়ে ২১ গোল ও একই দেশের লেখ পোজনানের হয়ে ৪১ গোল করেন।
পোল্যান্ড জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ৭৬ গোল। পোল্যান্ডের হয়ে ম্যাচ ও গোল দুটিই জাতীয় রেকর্ড। আবার অল-টাইম গোল রেকর্ডে তিনি ১১তম স্থানে। এই তালিকায় তার ওপরে অবস্থান করছেন রোনালদো ও মেসির মতো তারকা।
পোল্যান্ডে লেভানদোভস্কিকে জাতীয় সম্পদ হিসেবে মনে করা হয়। শুধু তার গোলের সংখ্যা বিচারে নয়, তিনি যেখানে একক প্রচেষ্টায় দলকে একের পর এক বৈশ্বিক ও মহাদেশীয় আসরে টেনে নিচ্ছেন তার বিচারে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে পোল্যান্ডকে মূল পর্বে নেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সেবার বাছাইপর্বে ১৬ গোল করেন, যা কিনা ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নতুন রেকর্ড।
২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে তিনি করেন তিন গোল। যদিও ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই আসরে তার দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। আসন্ন কাতার বিশ্বকাপেও তিনি পোলিশদের স্বপ্ন দেখাচ্ছেন। পোলিশরা আশা করছে, লেভাই তাদের দলকে এবার নকআউট পর্বে নিয়ে যাবেন।
ক্লাব ও দেশের হয়ে গোলের রেকর্ড গড়ে চলা লেভানদোভস্কি ব্যক্তিগত পুরস্কারও পেয়েছেন অনেক। ২০১৯-২০ মৌসুমে তিনি উয়েফার ‘মেনস প্লেয়ার অব দ্য ইয়ার’
পুরস্কার পান। এছাড়া অসংখ্যবার গোল্ডেন বুট জিতেছেন। ২০২১ সালে এসে জয় করেন সবচেয়ে বড় পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২১’। এছাড়া ২০২১ ও ২০২২ সালের ইউরোপিয়ান গোল্ডেন সু জিতেছেন তিনি।










