২৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ ম্যাচগুলো দর্শকরা গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন। আগামীকাল (মঙ্গলবার) থেকে পাওয়া যাবে ওয়ানডে সিরিজের টিকিট। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে ও ২৮ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।