বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কদের ‘মূল্যবান’ মতামত শুনতে আজ সোমবার বিসিবি কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বৈঠকে সাবেক অধিনায়করা বর্তমান দল ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। ফারুক আহমেদ নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর বোর্ডেও পরিবর্তন এলে সভাপতির দায়িত্ব নেন তিনি।

এই বৈঠকে সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মুমিনুল হক সৌরভ, লিটন দাস এবং বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন অংশ নেন। যদিও স্বাধীনতার পর দেশের প্রথম জাতীয় দলের অধিনায়ক শফিকুল হক হীরাকে দেখা যায়নি।

সাবেক অধিনায়ক হীরা বর্তমানে নিজ শহর চট্টগ্রামেই বসবাস করেন।

বিসিবির বৈঠকের বিষয়ে জানতে শফিকুল হক হীরাকে ফোন কল করা হলে তিনি বণিক বার্তাকে জানান, রোববার রাত ৮টার দিকে তাকে ফোন করেছিলেন শাহরিয়ার নাফীস। হীরা তাকে বলেছেন, তিনি ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ, বিমান ছাড়া কীভাবে ঢাকায় যাবেন? কিন্তু নাফীসের দিক থেকে এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি বলে তিনি আর বিসিবির বৈঠকে হাজির হতে পারেননি।

হীরা বলেন, ‘আমি তো জানি না যে তারা আজই বসবে। এত দ্রুততম সময়ে কীভাবে আসব? তাছাড়া এত দ্রুত আসতে হলে বিমানে আসতে হতো। কিন্তু আমি কি নিজের পয়সা খরচ করে আসব?’

এর আগেও হীরা একাধিকবার আক্ষেপ করে জানিয়েছেন, সাবেক অধিনায়ক হিসেবে তাকে ডাকতে পারে কিংবা কোনো পরামর্শ চাইতে পারে বিসিবি। যদিও আজকের বৈঠকে তিনি অনেকটা উপেক্ষিতই থাকলেন।