টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল শ্রীলংকা। তা-ও ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো বিধ্বস্ত করে। আজ মঙ্গলবার ডাম্বুলায় আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রান তোলে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৭৩ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। বৃহস্পতিবার একই মাঠে সিরিজের মীমাংসা।

প্রথম ম্যাচে ১৭৯ রান করেও জিততে পারেনি সিংহলিজরা। আজ সেই মাঠে তারা জিতল ১৬২ রানের পুঁজি নিয়েও। পাথুম নিশাঙ্কা (৪৯ বলে ৫৪), কুশল মেন্ডিস (২৫ বলে ২৬), কুশল পেরেরা (১৬ বলে ২৪) ও কামিন্দু মেন্ডিসের (১৪ বলে ১৯) ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকরা। রোমারিও শেফার্ড ২৩ রানে ২টি উইকেট নেন।

এরপর স্পিনে ক্যারিবীয়দের ঘায়েল করে সিংহলিজরা। দুনিত ভেল্লালাগে (৩/৯), মহীশ থিকসানা (২/৭), চারিথ আসালঙ্কা (২/৬) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২/৩২) মিলে ৯ উইকেট নেন। পেসারা মাথিসা পাথিরানা নেন একটি উইকেট।