আজ
মঙ্গলবার সেন্ট লুসিয়ায় ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ও চলতি বিশ্বকাপেই গ্রুপ পর্বের শেষ
ম্যাচে আফগানিস্তান ১০৪ রানের বড় ব্যবধানে হারাল ওয়েস্ট ইন্ডিজ, যা রানের হিসেবে চলতি
বিশ্বকাপের তৃতীয় বৃহত্তম জয়।
আগে
ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ, যা চলতি আসরে সর্বোচ্চ
দলীয় সংগ্রহ। এই রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় আফগানরা। পেসম্যান
ওবেড ম্যাকয় তিনটি এবং স্পিনার গুডাকেশ মোতি ও আকিল হোসেন দুটি করে উইকেট নেন।
চলতি
বিশ্বকাপে এর আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২০১ রান করেছিল অস্ট্রেলিয়া, ব্রিজটাউনে ইংল্যান্ডের
বিপক্ষে। এছাড়া সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১ রান তুলেছিল শ্রীলংকা।
টি-টোয়েন্টি
বিশ্বকাপ ইতিহাসেই ওয়েস্ট ইন্ডিজের আজকের রান পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ
২৬০ রান তোলার রেকর্ড রয়েছে শ্রীলংকার। ২০০৭ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার
বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তোলার কীর্তি আছে লংকানদের। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
ইংল্যান্ডের ২৩০, ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ২২৯ রান ও ইংল্যান্ডের
বিপক্ষে ভারতের ৪ উইকেটে ২১৮ রান তোলার রেকর্ড রয়েছে। তার পরেই এখন ওয়েস্ট ইন্ডিজের
স্কোর।
এদিন
চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও হয়েছে। আজ ৫৩ বলে ৯৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের
নিকোলাস পুরান, যা চলতি আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ। এমনকি এবার নব্বইয়ের
উপরে স্কোর হয়েছে মাত্র দুটি। পুরান ছাড়া ৯৪ রান করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ৪০ বলে ১০ ছক্কায় ৯৪ রান করেছিলেন তিনি।
আজ পুরান ৮ ছক্কা ও ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন টর্নেডো ইনিংসটি।
এছাড়া
জনসন চার্লস ২৭ বলে ৪৩, শাই হোপ ১৭ বলে ২৫, রভম্যান পাওয়েল ১৫ বলে ২৬ রান করেন।
পুরানের
টর্নেডো ইনিংসে ভর করে দুশোর্ধ্ব সংগ্রহ গড়া ক্যারিবীয়রা পরে দাপটে জয় তুলে নেয়। গ্রুপ
পর্বে চার ম্যাচের চারটিই জিতে সুপার এইট পর্ব খেলতে যাচ্ছে ড্যারেন স্যামির দলটি।
উল্লেখ্য,
ক্যারিবীয়রা রেকর্ড তৃতীয় শিরোপার লক্ষ্যে খেলছে এবার। ২০১২ ও ২০১৬ সালে দুবার টি-টোয়েন্টির
বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
আগামীকাল
বুধবার শুরু হচ্ছে সুপার এইট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার
রাতে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত।
সংক্ষিপ্ত
স্কোর
ওয়েস্ট
ইন্ডিজ: ২০ ওভারে ২১৮/৫। আফগানিস্তান: ১৬.২ ওভারে ১১৪/১০। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৪ রানে
জয়ী।










