ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওভাল টেস্টে প্রথম দিন খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন খেলা শুরুর আগে রানীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ গেয়েছেন লরা রাইট। দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালরা কালো রঙা আর্মব্যান্ড পরেন এদিন।
এরপর মাঠের লড়াইয়ে শোককে শক্তিতে পরিণত করে আগে ব্যাটিং করতে নামা প্রোটিয়াদের বিধ্বস্ত করে ইংলিশ পেসাররা। ওলি রবিনসন ৮ ওভারের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে অতিথিদের বড় ক্ষতিটা করেন। ৩৬ রানে ৬ উইকেট পতনের পর মার্কো ইয়ানসেন আর খায়ো জন্ডো হাল ধরেন। তাদের দৃঢ়তার মধ্যাহ্নভোজের আগে দক্ষিণ আফ্রিকার আর কোনো উইকেট পতন হয়নি। এ সময় সংগ্রহ ছিল ৬৯/৬। যদিও বিরতি থেকে ফেরার পর ১১৮ রানে অলআউট হয় অতিথি দলটি। রবিনসন ৫টি ও স্টুয়ার্ট ব্রড ৪টি উইকেট নেন।










