বাংলাদেশের ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ছোট্ট গ্রাম কলসিন্দুর। গ্রামটি এখন দেশের অন্যতম ফুটবল প্রতিভা বিকাশের কেন্দ্রে পরিণত হয়েছে, বিশেষত নারী ফুটবলারদের ক্ষেত্রে। এ তরুণীরা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা মেলে ধরছে। অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৭ দলের মাধ্যমে তারা দেশের জন্য গৌরব বয়ে আনছে। কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন দেশের নারী ফুটবলারদের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু।
এ মেয়েদের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও কঠোর পরিশ্রম। সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা ফুটবলে নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলছে এবং আটজন খেলোয়াড় এরই মধ্যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে স্থান করে নিয়েছেন। কলসিন্দুর থেকে নারী ফুটবলার তৈরির এ ধারা অব্যাহত রাখতেই এ অঞ্চলের সাহসী মেয়েদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক। নারী ক্ষমতায়নের অংশ হিসেবে সম্প্রতি আইএফআইসি ব্যাংক কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নারী ফুটবলারদের জন্য ফুটবল খেলার প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে। এর মধ্যে রয়েছে জার্সি, বুট, মোজা, নি-ক্যাপ, ফার্স্টএইড বক্স ও ফুটবলের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো। এসব সরঞ্জাম নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
এ উদ্যোগের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশিম, কোচ জুয়েল মিয়া ও অন্য শিক্ষকমণ্ডলী। আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিহা হায়দার ও ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক আমান উল্লাহ খানসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা।
আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এ তরুণ অ্যাথলেটদের সমর্থন করা তাদের ভবিষ্যৎ ও বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগের সমান। এ মেয়েরা আমাদের সমাজে পরিবর্তনের সম্ভাবনাকে প্রতিনিধিত্ব করে।’
বিদ্যালয়ের কোচ জুয়েল মিয়া বলেন, ‘এ সহযোগিতাগুলো মেয়েদের মনোবল বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ শুধু একটি অনুদান নয়, বরং কলসিন্দুরের মেয়েদের জন্য এটি আশার প্রতীক।’
আইএফআইসি ব্যাংকের এ উদ্যোগ তাদের বৃহত্তর মিশনের অংশ, যা নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি থেকে শুরু করে নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পর্যন্ত, তাদের বিভিন্ন উদ্যোগ সমাজের নারীদের আরো শক্তিশালী করতে সাহায্য করছে।
সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এ মেয়েরা আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের অর্জনগুলো নিঃসন্দেহে কলসিন্দুরের নারী ফুটবলারদের সাফল্যের একটি মাইলফলক, যা ভবিষ্যতে তাদের আরো বড় স্বপ্ন পূরণে সহায়তা করবে।










