ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সুখবর পেল ভারত। আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করে নিল রোহিত শর্মার দল। অপর দিকে ২০ ওভারের ক্রিকেটে অবনমন হয়েছে বাংলাদেশের। এক ধাপ নিচে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের দল এখন ১০ নম্বরে।
রোববার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৭ রানে হারায় ভারত। এই জয়ের পর তাদের রেটিং এখন ২৬৯। ইংল্যান্ডের রেটিংও সমান ২৬৯; কিন্তু তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে ভারত। ভারতের পয়েন্ট ১০ হাজার ৪৮৪। অপরদিকে ইংল্যান্ডের পয়েন্ট ১০ হাজার ৪৭৪।
২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান, ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, ২৫৩ রেটিং পয়েন্টে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে রোববার শেষ হওয়া টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা।
২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং পয়েন্টে আটে রয়েছে আফগানিস্তান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ হলেও পয়েন্ট ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় নয়ে আছে লঙ্কানরা, বাংলাদেশ রয়েছে দশে। ১১ নম্বরে ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে জিম্বাবুয়ে।










