যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার স্পেনের কাতালুনিয়াতে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এক নারীর অভিযোগের প্রেক্ষিতে বার্সেলোনার পুলিশ তাকে গ্রেফতার করে। খবর সিবিএস স্পোর্টস।
গণমাধ্যমটি জানায়, ২০২২ সালের ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ পায় কাতালান পুলিশ। সেটির ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। তবে এ অভিযোগ মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে আলভেস কাতালুনিয়ার একটি পুলিশ স্টেশনে হাজিরা দিয়েছেন। ৩৯ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে সেই সিদ্ধান্ত এখন বিচারকদের ওপর।
আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নৈশ ক্লাবে সেই নারীর অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও আলভেস সেই ঘটনার পর এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।
দানি আলভেস সবশেষ কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। এছাড়া বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে সাফল্য আছে তার।










