শেষ রক্ষা হলো না লুইস রুবিয়ালেসের। গত রোববার সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনালে নিজ দেশের খেলোয়াড় জেনিফার হারমোসোর ঠোটে চুমু খাওয়ার অপরাধে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গভর্নিং বডি ফিফা। খবর বিবিসি।

 

নারীদের বিশ্বকাপ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন স্পেনের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় হারমোসোকে ঠোটে চুম্বন করে বসেন রুবিয়ালেস। এ ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে। খোদ স্পেনের প্রধানমন্ত্রীও এ ঘটনাকে নিন্দনীয় বলে সমালোচনা করেন। এছাড়া স্পেনের একাধিক মন্ত্রী ও সাবেক খেলোয়াড়রাও রুবিয়ালেসের চুমু কাণ্ডের নিন্দা জানান। খেলোয়াড়টিও রুবিয়ালেসের দৃষ্টামূলক শাস্তি চান।

 

তবে রুরিয়ালেস পদত্যাগে অস্বীকৃতি জানান। এমনকি ফেডারেশনকে নিজের পক্ষে নিয়ে এসে উল্টো ‘মিথ্যা’ বলার অভিযোগে খেলোয়াড়টির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তিনি।

 

অবশেষে এই ঘটনায় হস্তক্ষেপ করল ফিফা। লুইস রুবিয়ালেসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে সব ধরণের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করল ফিফা। তার আগে গতকাল শুক্রবার ৪৬ বছর বয়সী রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রমের ঘোষণা দেয় সংস্থাটি। আজ ফিফার বিবৃতিতে বলা হয়: ‘আজ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে ২৪ আগস্ট চালু হওয়া শাস্তিমূলক কার্যক্রম শুরু সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিন বহাল থাকবে।’

 

গত রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনাল শেষে রুবিয়ালেস কাণ্ডে অনেকটাই ঢাকা পড়ে যায় লা রোজাদের কীর্তি। ফুটবল বিশ্বে এখন আলোচনা রুবিয়ালেসকে নিয়ে।