এ যেন মরার ওপর খাঁড়ার
ঘাঁ। দলবদলে দুর্নীতির আশ্রয় নেয়ায় শাস্তি হিসেবে গত মৌসুমে ইতালির সিরি-এ লিগে জুভেন্টাসের
১০ পয়েন্ট কেটে নেয়া হয়। বিশাল অঙ্কের জরিমানাও হয় তাদের। এবার তাদের শাস্তি দিল ইউরোপের
গভর্নিং বডি উয়েফা। ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর জন্য বেধে দেয়া আর্থিক নীতিমালা ‘ফাইন্যান্সিয়াল
ফেয়ার প্লে (এফএফপি)’ ভঙ্গ করায় তাদের ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের তৃতীয় বৃহত্তম ক্লাব
প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগ থেকে বহিষ্কার করেছে উয়েফা। সেই সঙ্গে গুণতে হবে
জরিমানাও।
২০১২ থেকে ২০১৯ সালের
মধ্যবর্তী সময়ে জুভেন্টাসের লেনদেনে ত্রুটি পেয়েছে উয়েফা। এজন্য তাদের ১ কোটি ৭১ লাখ
৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে আগামী তিন বছর তারা যদি এফএফপি ঠিকঠাক প্রতিপালন
করতে হবে, তবে জরিমানার অর্ধেক দিলেই চলবে বলে জানিয়েছে উয়েফা।
জুভেন্টাস না থাকায় এখন
ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে ঠিক করতে হবে, তাদের জায়গায় কোন ক্লাব খেলবে কনফারেন্স লিগে।
খুব সম্ভবত ফিওরেন্টিনা এই জায়গা পূরণ করবে, যারা গত বছর কনফারেন্স লিগ ফাইনালে ওয়েস্ট
হ্যামের কাছে হেরেছে। সদ্য সমাপ্ত লিগে অষ্টম হয়েছে ফিওরেন্টিনা।
এদিকে, ‘অসম্পূর্ণ’ আর্থিক
প্রতিবেদন দাখিল করায় ইংলিশ ক্লাব চেলসিকেও জরিমানা করেছে উয়েফা। তাদের জরিমানা দিতে
হবে ৮৫ লাখ ৭০ হাজার পাউন্ড।
২০২২ সালের মে মাসে চেলসির মালিকানা
কিনে নেন টড বোহেলি। সেই সেই থেকে ব্লুজরা প্রায় ৬০ কোটি পাউন্ড খরচ করে ১৯ জন খেলোয়াড়
কিনেছে। চেলসিকে জরিমানা গুণতে হচ্ছে অবশ্য আগেরকার মালিকের সময়কার ভুলে।










