১৫ বছর পর ওয়ানডে ম্যাচে অজিদের হারানোর পর এবার এল সিরিজ জয়ের গৌরব। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ডিএলএস মেথডে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ৪২ ওভারে ১৯২ রানের টার্গেটটা বাংলাদেশ ছুঁয়েছে ৩৬ বল হাতে রেখে। অস্ট্রেলিয়াকে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে হারাল টাইগাররা। আগের চারটি সিরিজ খেলে ১২ ম্যাচেই পরাজিত হয় বাংলাদেশ। পঞ্চম সিরিজে কেবল জয়ই আসেনি, এসেছে সিরিজ জয়ের কীর্তিও।

অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলার পর বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। এরপর মাঠ শুকিয়ে যখন খেলার উপযোগী করা হলো ততক্ষণে ইনিংস থেকে ৮ ওভার কাটা পড়ে যায়। বাংলাদেশের জন্য সংশোধিত টার্গেট দাঁড়ায় ৪২ ওভারে ১৯২ রান। টাইগাররা ৩৫ ওভারের মধ্যেই ৫ উইকেটে ১৯৫ রান তুলে নিয়ে সিরিজ জয়ের আনন্দে ভাসে। সৌম্য সরকার ৪২, নাজমুল হোসেন শান্ত ৪২, তাওহীদ হৃদয় ৪০, লিটন দাস ২১ ও মিরাজ ২০ রান করেন।

এর আগে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের অনবদ্য বোলিং নৈপুন্যে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ফিজের তোপে তারা শূন্য রানে ৩ উইকেট হারিয়ে লজ্জার মুখে পড়ে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪২ ওভারে ১৮৭/৮ (লাবুশেন ৫৫, বার্টলেট ৫২; মুস্তাফিজ ৩/২৭, তাসকিন ৩/৩৩, তানভীর ২/৪৫)। বাংলাদেশ: ৩৫ ওভারে ১৯৫/৫ (শান্ত ৪২, সৌম্য ৪২, তাওহীদ ৪০*, মিরাজ ২২*; গ্রিন ১/৯, বার্টলেট ১/২৩)। ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী (ডিএলএস)। প্লেয়ার অব দ্য ম্যাচ: মুস্তাফিজুর রহমান। সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।