ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ১৪ মিনিটে মোহাম্মদ সালাহ ও ৩৭ মিনিটে ডমিনিক সবোলাই গোল করে লিভারপুলকে জিতিয়েছেন। এই জয়ের পর ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল আর্নে স্লটের দল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আর্সেনাল। সিটি ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।
এদিকে, স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচ ৪১ মিনিটে ও ভিনিসিয়ুস জুনিয়র ৮৩ মিনিটে গোল করে জিতিয়েছেন চ্যাম্পিয়নদের। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তারা শুধু গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে। আর ৫৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।










