নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাসে গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাউন্ড রবিন পর্বে চার ম্যাচ শেষে বাংলাদেশ নারী দলের অর্জন ওই এক জয়। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ৪ রানে হারতে হয় বাংলাদেশকে। দুই পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে নিগার সুলতানার দল। আগামী মঙ্গলবার নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

এদিকে এবারের আসরে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। গতকাল ভারতকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অজি নারীরা। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবক’টিতেই জয় তুলে নিয়েছে সর্বোচ্চ ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও মেগ ল্যানিংয়ের দল।

গতকাল ইয়াসতিকা ভাটিয়া (৫৯), মিতালি রাজ (৬৮) ও হারমানপ্রিত কউরের (৫৭) হাফ সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৭৭ রান তোলে ভারত। এই রান দিয়েও দুরন্ত অজিদের আটকাতে পারেনি মিতালি রাজের দল। অধিনায়ক মেগ ল্যানিং (৯৭) ও অ্যালিসা হিলির (৭২) হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে অসাধারণ এক জয় এনে দেয়।

টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলবে। ৩০ মার্চ প্রথম ও ৩১ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল এবং ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে এবারের আসরের ফাইনাল। ক্রিকইনফো