দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জেতালেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং। লা লিগায় রোববার ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।


ম্যাচের ২৩, ৩৮ ও ৬৩ মিনিটে বার্সার পক্ষে তিন গোল করেন অবামেয়াং। এদিনই বার্সার জার্সিতে প্রথম গোল করলেন গ্যাবনিজ এই স্ট্রাইকার এবং তা রূপ দিলেন হ্যাটট্রিকে। এছাড়া ৩২ মিনিটে ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়াং গোল করেন। 


এই জয়ের পর ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে জাভি হার্নান্দেজের দল এখন চার নম্বরে। আর ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুই ও তিনে যথাক্রমে সেভিয়া (৫১ পয়েন্ট) ও রিয়াল বেতিস (৪৩ পয়েন্ট)।


এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার লিডসকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে পড়ার পর সমতা আনে লিডস। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে জয় সুনিশ্চিত করে রেড ডেভিলরা।



এ জয়ের পর ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি, যারা শনিবার ৩-২ গোলে হেরেছে টটেনহামের কাছে।