আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাত্র ১৩ দিন বাকি। এ সময় আকস্মিক এক সিদ্ধান্তে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অথচ তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দলের অন্যতম সদস্য।
ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন ৩৫ বছর বয়সী স্টয়নিস এবং তিনি এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়েও খেলতে চান।
৭১টি ওয়ানডে ম্যাচে ২৬.৬৯ গড়ে ১ হাজার ৪৯৫ রান করেছেন স্টয়নিস। ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ১৪৬ রানের ইনিংস তার ওয়ানডেতে সেরা স্কোর। এছাড়া ৪৩.১২ গড়ে নিয়েছেন ৪৮টি উইকেট।
অবসরের ঘোষণায় স্টয়নিস বলেছেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলা ছিল অবিশ্বাস্য এক যাত্রা। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে পেরে আমি কৃতজ্ঞ। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার গৌরব আমি আজীবন মনে রাখব। আসলে এটা সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমার মনে হয় এখনই সিদ্ধান্ত নেয়ার ও ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে ভাববার সেরা সময়। পাকিস্তানে খেলতে যাওয়া ছেলেদের জন্য আমি নিশ্চিতভাবেই গলা ফাটাবো।’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন স্টয়নিস এবং ব্যাট হাতে মূল্যবান অবদান রেখেছেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর তিনি দলকে টেনেছেন। পরিশেষে অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি আসর শুরু করবে অস্ট্রেলিয়া।
এদিকে, চোট থেকে সেরে না ওঠায় চ্যাম্পিয়নস ট্রফি খেলা নাও হতে পারে অধিনায়ক প্যাট কামিন্সের। তিনি খেলতে না পারলে স্টিভ স্মিথ নেতৃত্ব দিতে পারেন দলকে। বিকল্প হিসেবে ট্রাভিস হেডের নামও শোনা যাচ্ছে। পেস বোলার জস হ্যাজেলউডও চোটের সঙ্গে লড়ছেন।










