দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর জুনে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুহ আহমেদ।

জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল ২০২৪ সালের এপ্রিলে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিসিবির অনুরোধে তখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পা রাখছে ১৫ এপ্রিল। সিরিজের প্রথম টেস্ট ২০ এপ্রিল শুরু হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দুই দল এরপর চলে যাবে দ্বিতীয় টেস্টের ভেন্যু শহর চট্টগ্রামে। ২৮ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এ সিরিজটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, কারণ জিম্বাবুয়ে চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

সম্প্রতি টেস্টে দুঃসময় পার করছে জিম্বাবুয়ে। তারা সর্বশেষ ১০ টেস্টের মধ্যে আটটিতেই হেরেছে, বাকি দুটি ড্র হয়েছে। এ বছর এখন পর্যন্ত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলে দুটিতেই হেরেছে জিম্বাবুয়ে। তারা সর্বশেষ টেস্ট জিতেছে চার বছর আগে। ২০২১ সালের মার্চে আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়েছিল জিম্বাবুয়ে।

গত বছর পাকিস্তানের মাটিতে ২-০-তে টেস্ট সিরিজ জয়ের পর বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ১-১-এ সিরিজ ড্র করে বাংলাদেশ। যদিও হোম সিরিজ জেতা হয়নি ২০২৩ সালের পর। ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখায় নাজমুল হোসেন শান্তর দল। ২০২৪ সালে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হোম সিরিজ হেরেছে তারা।

এদিকে, সাদা বলের সিরিজ খেলতে জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে ফারুক আহমেদের বৈঠকে পাকিস্তান দলের একটি ফিরতি সফর চূড়ান্ত করা হয়।

এ নিয়ে গত সপ্তাহে ফারুক আহমেদ বলেন, ‘পিসিবি আমাদের জানিয়েছে যে আইসিসির ট্যুর সূচির বাইরে তারা বাংলাদেশ সফরে আসবে। এটি জুলাইয়ে হতে পারে বলে আমি মোটামুটি নিশ্চিত করতে পারি। চূড়ান্ত হলে সবাইকে জানাতে পারব। এছাড়া সামনে কখনো ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে কথা হয়েছে, যেখানেই হোক না কেন, এটি আমাদের জন্য উপযুক্ত একটি সময়ে অনুষ্ঠিত হবে।’