ক্রাইস্টচার্চ টেস্টে হারের মুখে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৯৫ রানে অলআউট হওয়ার পর, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছে ৪৮২ রান। ৩৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও ধুঁকছে অতিথিরা। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে তিন উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৪ রানেই তিন টপ অর্ডারের উইকেট হারায় দলটি। রাসি ভ্যান ডার ডুসেন ৯ ও টেম্বা বাভুমা ২২ রানে অপরাজিত আছেন। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি দুটি ও ম্যাট হেনরি একটি উইকেট নেন। এখনো ৩৫৩ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। বাকি সাত প্রোটিয়া ব্যাটার এ রান তুলে, তারপর স্বাগতিকদের লিড দেয়া সাহজসাধ্য নয়।
এর আগে তিন উইকেটে ১১৬ রানে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। আজ সেখান থেকে অপরাজিত ব্যাটার হেনরি নিকোলস তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে অষ্টম শতক (১০৬)। ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি টম ব্লান্ডেল (৯৬)। এছাড়া নেইল ওয়াগনার ৪৯, কলিন ডি গ্র্যান্ডহোম ৪৫ ও ম্যাট হেনরি ১১ নম্বরে ব্যাটার হিসেবে ৫৮ রানে অপরাজিত থাকেন।
সফরকারীদের হয়ে দুয়ান্নে অলিভিয়ার তিনটি, মার্কো জেনসেন, অ্যাইডেন মার্করাম ও কাগিসো রাবাদা দুটি করে উইকেট নেন।










