বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়েছিল সাড়ে চার ঘণ্টা
দেরিতে। প্রথম দিনে ৯০ ওভারের বদলে ৪৮ ওভার খেলানোর সিদ্ধান্ত হয়। কিন্তু আলোক স্বল্পতায়
সেটাও পূরণ হলো না। বৃষ্টিবিঘ্নিত দিনে ৪১ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ১৫৮ রান তোলার
পর প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)।
সৌদ শাকিল ৫৭ আর মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে অপরাজিত আছেন।
বুধবার (২১ আগস্ট) শুরুতে রাওয়ালপিন্ডির ভেজা উইকেটের সুবিধা নেয়া
যাবে বলে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দুই ওপেনিং বোলার
হতাশও করেননি। হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম মিলে প্রথম নয় ওভারের মধ্যেই তুলে নেন পাকিস্তানের
৩ উইকেট। হাসান ফেরান আবদুল্লাহ শফিককে, শরীফুলের শিকার শান মাসুদ ও বাবর আজম। যদিও
পরে এ চাপ ধরে রাখা যায়নি। পরবর্তীতে ওপেনার সাইম আইয়ুব এবং পাঁচে নামা সৌদ শাকিলের
৯৮ রানের জুটিতে সে বিপর্যয় সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র
২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচে আউট হন আবদুল্লাহ শফিক। ৩ রানে
প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান
অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের
পথ ধরেন শান মাসুদ।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন হাসান ও শরিফুল।










